তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় পিরেনিস-ওরিয়েন্তালিস বিভাগে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গত প্রায় দুই দিন ধরে চলা এই আগুনে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৯০০ হেক্টর (প্রায় ১২ হাজার ১০০ একর) বনাঞ্চল পুড়ে গেছে।
মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০০ দমকলকর্মী নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি আগুনের ঝুঁকিতে থাকা এলাকা থেকে ১২ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পিরেনিস-ওরিয়েন্তালিস বিভাগের প্রশাসন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বর্তমান পরিস্থিতিতে দ্রুত দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিভাগের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান কর্নেল এরিক বেলগিওনিও বিএফএম টিভিকে বলেন, “আমরা যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে দাবানলের ব্যাপ্তি এত বড় যে, খুব শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে না।”
গত ২০ জুন থেকে ফ্রান্সজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। বর্তমানে দেশটির ৬১টি বিভাগে দিনের তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। আর দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।