হুমকি দিয়ে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব নয়: আরাগচি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ১১:১৪ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি হুমকি-ধমকির পরিবেশে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, পারস্পরিক সম্মান ও প্রতিশ্রুতি রক্ষা ছাড়া নতুন কোনো সমঝোতার পথে এগোনো যাবে না।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না।

তিনি আরও বলেন, ‘লাখো গর্বিত ইরানি শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিচ্ছেন। তারা কিংবা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী কোনো হুমকিতে ভীত নয়।’ একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নিজেদের স্বাক্ষরের প্রতি সম্মান দেখান।’

আরাগচির এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাব, নয়তো কাজ শেষ করব।’

ট্রাম্প আরও দাবি করেন, ‘আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে তাদের সেতুগুলো ধ্বংস করে দিতে পারি, তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারি। তাদের এখন কোনো অর্থ নেই, আমরাও তাদের কোনো অর্থ দিইনি।’

দুই দেশের শীর্ষ পর্যায়ের এই পাল্টাপাল্টি বক্তব্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। একই সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা ও ভবিষ্যৎ সমঝোতা নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

তাসনিম হোসেন