তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত চাচি পলাতক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০২:০১ পিএম

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত চাচি লতা বেগম পলাতক রয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের স্বামীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তিন মাস বয়সী শিশু রিজিকের পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচি লতা বেগমের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, গত ১১ জুন ঘটনাটি ঘটে। শিশুটির মা গোপনে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে গত ১১ জুলাই তিনি ভিডিওটি তার ভাইয়ের কাছে পাঠালে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে ভিডিওতে প্রচারিত দাবি এবং শিশুর মা-বাবার বক্তব্যের মধ্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। মা-বাবার ভাষ্য অনুযায়ী, ঘটনাটি পারিবারিকভাবে মীমাংসা হয়েছে এবং শিশুটির পা ভাঙেনি। বর্তমানে সে সুস্থ রয়েছে এবং তার কোনো চিকিৎসা বা ব্যান্ডেজের প্রয়োজন হয়নি। এ ঘটনায় তাদের কোনো অভিযোগও নেই বলে জানিয়েছেন তারা।

তদন্তের স্বার্থে অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউছার আহমেদ, শ্বশুর আলমাছ মিয়া এবং শাশুড়ি শেফালী বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভিডিওটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ভিডিও প্রকাশের পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, কয়েক সপ্তাহ আগে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শিশুর পা ভেঙে দেওয়ার দাবি করা হলেও প্রাথমিক তদন্তে এমন তথ্যের সত্যতা মেলেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তাসনিম হোসেন