রায়পুরে মহানবী (সা.)-কে অবমাননা: রুবেলের বিরুদ্ধে আগে থেকেই ইসলামবিদ্বেষী পোস্টের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.), ইসলাম ধর্ম ও ধর্মীয় বিধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগ উঠেছে এক মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা জব্বর ঢালির ছেলে শাহরিয়ার রুবেল বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। অভিযোগ উঠেছে, ‘Shahriar Rubel’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে একাধিক আপত্তিকর মন্তব্য করা হয়। সম্প্রতি ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

​স্থানীয়দের দাবি, অভিযুক্ত শাহরিয়ার রুবেল পূর্বেও একাধিকবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামবিদ্বেষী পোস্ট ও মন্তব্য করেছিলেন। বিষয়টি নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের হলেও সম্প্রতি পুনরায় কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, "ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো বক্তব্য বা মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

​এদিকে, পরিস্থিতি যাতে কোনোভাবেই উত্তপ্ত না হয়, সেজন্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধানের জোর দাবি জানান।

​অভিযোগের বিষয়ে জানতে শাহরিয়ার রুবেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টির সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

​রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, "এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তাসনিম হোসেন