কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।
রোববার মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
র্যাব অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পরে শফিকুল ইসলাম সবুজ ও রাসেলসহ আরও দুই ছিনতাইকারীকে আটক করা হয়। পরে আরও দুজনকে গ্রেপ্তারের বিষয়েও তিনি জানান।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে।
আসন্ন ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে র্যাব-২ এর অধিনায়ক বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।