বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে পৌঁছালেন কেপ ভার্দের গোলরক্ষকের মা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৪:২০ পিএম

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহার মায়ের ভিসা জটিলতা শেষ হয়েছে। অবশেষে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছে ছেলের খেলা মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেন ৪০ বছর বয়সী কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহা। ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে তিনি দলকে গোলশূন্য ড্র এনে দেন এবং ম্যাচসেরাও নির্বাচিত হন।

তবে ম্যাচ শেষে তিনি আবেগঘনভাবে জানান, ভিসা ও অর্থনৈতিক জটিলতার কারণে তার মা আনা কান্দিদা এভোরা তার এই ঐতিহাসিক পারফরম্যান্স সরাসরি মাঠে বসে দেখতে পারেননি।

তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে ভিসা জটিলতা সমাধান করা হয়।

জটিলতা কাটিয়ে এখন ভোজিনহার মা যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তিনি দলের পরবর্তী ম্যাচে গ্যালারিতে বসে ছেলের খেলা উপভোগ করবেন।

উরুগুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে কেপ ভার্দে আরও একটি চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ভোজিনহার কাছ থেকে আবারও দুর্দান্ত পারফরম্যান্সের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

তাসনিম হোসেন