আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। শিক্ষাবর্ষকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে সরকার পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে।
তার ভাষ্য, নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষাবর্ষের শুরু এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে ধাপে ধাপে সমন্বয় তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমিয়ে শিক্ষাকার্যক্রম আরও সুশৃঙ্খল করা সম্ভব হবে।
আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, ভবিষ্যতে পাবলিক পরীক্ষাগুলো আরও আগেভাগে সম্পন্ন করার লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম নির্ধারিত সময়সূচির মধ্যে সম্পন্ন করার পরিবেশ তৈরি হবে।