তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে, সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার সঙ্গে সমন্বয় করে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সাম্প্রতিক মন্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, তার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে আঘাত করতে চাননি। এরপরও তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

মন্ত্রীর এ বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।

পরীক্ষা পেছানোর দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার দিন প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী ভিজে কেন্দ্রে পৌঁছেছেন এবং স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের এসব দাবি বিবেচনায় নিয়েই পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষা ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। সেই পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে আয়োজনের সময়ই পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষাও পুনরায় নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তাসনিম হোসেন