চলমান এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অভিযোগের বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ড সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।
পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, পর্যালোচনায় প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। প্রয়োজনে ওই দুই প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।
এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।