দিল্লির ছাত্র আন্দোলনের ভিডিও-পোস্ট মুছে ফেলার নির্দেশ আইআইটি মাদ্রাজের

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে তৈরি করা সামাজিক যোগাযোগমাধ্যমের সব কনটেন্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের যেসকল শিক্ষার্থী দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ ও অনশন কর্মসূচির পক্ষে সোচ্চার হয়ে পোস্ট বা ভিডিও দিয়েছিলেন, তাঁদের ওপরই এমন কড়াকড়ি আরোপ করা হলো।

আইআইটি মাদ্রাজের একাধিক শিক্ষার্থী জানান, ইনস্টিটিউটের ডিন ও ফ্যাকাল্টি অ্যাডভাইজরের তরফ থেকে তাঁদের কাছে সামাজিক মাধ্যমের পোস্টগুলো মুছে ফেলার সুস্পষ্ট নির্দেশনা এসেছে। পরবর্তীতে শিক্ষার্থীদের এক অভ্যন্তরীণ বার্তায় জানানো হয় যে, প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের কারণেই যন্তর মন্তরের আন্দোলনের সমর্থনে প্রস্তুত করা সমস্ত অডিও-ভিডিও এবং পোস্ট তুলে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে চলমান এই প্রতিবাদ কর্মসূচির সমর্থনে সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার, স্লোগান ও সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে সংহতি জানিয়ে আসছিলেন। আন্দোলনের এই ঊর্ধ্বগতির মাঝেই আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের এমন সেন্সরশিপ এবং দমনমূলক মনোভাব শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্কের জন্ম দিয়েছে।

তাসনিম হোসেন