আম মৌসুমে রাজশাহীর চার জেলায় শনিবারও খোলা থাকবে ব্যাংক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০২:০৫ পিএম

চলতি আম মৌসুমে উত্তর ও পশ্চিমাঞ্চলের চাষি, আড়তদার ও ব্যবসায়ীদের আর্থিক লেনদেন সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী বিভাগের চার জেলার আমবাজার এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়। জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা; নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা; পাশাপাশি রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন আমবাজার এলাকায় এ সুবিধা কার্যকর থাকবে।

এই অঞ্চলে মৌসুমে প্রতিদিন কোটি কোটি টাকার আম কেনাবেচা হয়। তাই ব্যবসায়ীদের নগদ অর্থ লেনদেন সহজ করা, ব্যাংকে অর্থ জমা নিশ্চিত করা এবং বড় অঙ্কের নগদ টাকা বহন ও সংরক্ষণজনিত ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত জনবল নিয়ে শাখা ও উপশাখা চালু রাখার নির্দেশ দিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে আম ব্যবসায়ীদের দীর্ঘদিনের নগদ লেনদেন সংক্রান্ত জটিলতা ও নিরাপত্তা ঝুঁকি অনেকটাই কমে আসবে।

তাসনিম হোসেন