ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দাবি করেছেন, তার দেশ কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেয়নি। ন্যাটো মহাসচিবের মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর তিনি এই অবস্থান স্পষ্ট করেন।
ফ্রান্স ও ইতালির মধ্যে ৩৬তম আন্তঃসরকারি বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটের বক্তব্যের প্রতিক্রিয়ায় মেলোনি বলেন, রোম ইরান-সংক্রান্ত কোনো যুদ্ধে জড়িত ছিল না। তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে।
এর আগে এক সাক্ষাৎকারে মার্ক রুটে দাবি করেন, “এপিক ফিউরি” নামের একটি অভিযানে সহায়তার জন্য ইতালিসহ কিছু ইউরোপীয় ন্যাটো সদস্য দেশের ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তার ভাষ্য অনুযায়ী, ইতালির ঘাঁটি থেকে বিপুল সংখ্যক মার্কিন সামরিক বিমান উড্ডয়ন করেছে।
এই বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলে মেলোনি বলেন, ন্যাটো মহাসচিব দুটি ভিন্ন বিষয়কে গুলিয়ে ফেলেছেন। তার মতে, অনুমোদিত উড্ডয়নের সঙ্গে সামরিক যুদ্ধে অংশগ্রহণকে এক করে দেখা ঠিক নয়। তিনি আরও সতর্ক করে বলেন, এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা দিতে পারে।
মেলোনি স্পষ্ট করে জানান, তিনি ইতালির প্রতিরক্ষামন্ত্রীর অবস্থানের সঙ্গে একমত যে, রোম ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেয়নি।
তিনি আরও বলেন, যদি ইতালি সত্যিই কোনো যুদ্ধে জড়িত থাকত, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন প্রতিক্রিয়া আসত।
এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং ন্যাটো মহাসচিবের বক্তব্যকে অস্বীকার করেন। তিনি স্পষ্ট করেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইতালীয় ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগ সঠিক নয়।