ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০২:২৭ পিএম

ভয়াবহ দুই ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উত্তর উপকূলে নতুন এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। চলমান দুর্যোগে এরই মধ্যে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ভূমিকম্পটি উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শুক্রবার মারাকাই ও রাজধানী কারাকাসেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে গত বুধবার ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনার পর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। রাজধানী কারাকাসের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই দুর্যোগে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। পাশাপাশি ১৭২ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন এবং নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কিছু এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে, যাতে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম নির্বিঘ্নে চালানো যায়।

তাসনিম হোসেন