সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। এ সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করল।
শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বুরকিনা ফাসো সরকার জানায়, তারা ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে নেতৃত্বাধীন সরকার শুরু থেকেই ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর প্রতি কঠোর অবস্থান নিয়ে আসছে।
বিবৃতিতে ফ্রান্সের বিরুদ্ধে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। দেশটির যোগাযোগমন্ত্রী গিলবার্ট ওয়েদ্রাওগো বলেন, পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রাখার যে পরিবেশ প্রয়োজন ছিল, তা এখন আর নেই।
তিনি আরও অভিযোগ করেন, ফ্রান্সের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, ফ্রান্স নব্য-ঔপনিবেশিক নীতির মাধ্যমে সাহেল অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছে।
এদিকে চলতি বছরের জানুয়ারিতে বুরকিনা ফাসোর সামরিক সরকার সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, যা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
বর্তমানে স্থলবেষ্টিত এই দেশটি একাধিক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। এর মধ্যে রয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম এবং ইসলামিক স্টেট সাহেল প্রদেশ (আইএসএসপি)। এসব গোষ্ঠী দেশটির বিভিন্ন অঞ্চলে সক্রিয় বলে জানা গেছে।