ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। অনুমতি ছাড়া বা নির্ধারিত পথের বাইরে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, অনুমতি ছাড়া কিংবা নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তার দায় সংশ্লিষ্ট জাহাজকেই বহন করতে হবে। এ ঘোষণার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক বাণিজ্যিক জাহাজ এখন ইরানের নজরদারি এড়িয়ে ওমান উপকূলসংলগ্ন বিকল্প নৌপথ ব্যবহার করছে। তবে কোন পথ সবচেয়ে নিরাপদ, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো।
যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব ইরানের ওপর রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তবে সমুদ্রপথে নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের বিকল্প ব্যবস্থা গ্রহণ বা বাইরের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এদিকে সাম্প্রতিক সময়ে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা এবং একটি জাহাজে ড্রোন হামলার ঘটনার পর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা সাময়িকভাবে উদ্ধার কার্যক্রম স্থগিত করেছে।
সমুদ্রপথ–সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এখনো রয়ে গেছে। ফলে হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল, বাণিজ্যিক পরিবহন এবং স্বাভাবিক পরিস্থিতি কবে ফিরবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।