তিস্তা চুক্তিতে সরকারকে ধন্যবাদ বিরোধীদলীয় নেতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০২:০৪ পিএম

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে চুক্তি করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, এ উদ্যোগ দেশের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সোমবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চুক্তি করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। এ অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে অর্থবছরের সময় পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার পরামর্শ দেন।

রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে প্রস্তাবিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় সম্ভব। তবে তার মতে, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি।

স্বাস্থ্য খাতের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন জোড়াতালি দিয়ে চলছে এবং এ খাতে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের দায় সরকারকে নিতে হবে। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের, তারা যতই শক্তিশালী হোক না কেন, বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

 

তাসনিম হোসেন