রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১ জুলাই) অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

সতর্কবার্তায় বলা হয়, বুধবার রাত ১টার মধ্যে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

ঝুঁকিপূর্ণ এই আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে উত্তর ভারত, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

তাসনিম হোসেন