দেশে ডেঙ্গুতে ছয় মাসে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩ জন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের মৃত্যু এবং ১৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সারাদেশে নতুন করে ১৬৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক থাকা জরুরি। তাদের আশঙ্কা, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার না হলে জুলাই মাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ এবং আগস্টে তা তিন থেকে চারগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।

তারা দ্রুত মশা নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

 

তাসনিম হোসেন