তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে চীন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এ বিষয়ে বেইজিং আগের অবস্থানেই রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইয়াও ওয়েন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এ সফর পারস্পরিক আস্থা ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চীনা রাষ্ট্রদূত জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে। এর আগে একটি চীনা প্রতিষ্ঠান প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করেছে। এখন দুই দেশের বিশেষজ্ঞরা এ বিষয়ে যৌথভাবে পরবর্তী কাজ এগিয়ে নেবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ–মিয়ানমার–চীন অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগ আরও শক্তিশালী হবে।