ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এবার নতুন মোড় নিয়েছে। আন্দোলনরত ককরোচ জনতা পার্টি ও ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতায় আসতে বুধবার চারটি আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব পাঠায় মোদি সরকার। তবে আন্দোলনকারীরা মন্ত্রীর বাসভবন বা কার্যালয়ে গিয়ে বৈঠক করার প্রস্তাব নাকচ করে প্রকাশ্যে আলোচনার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার এনডিটিভির বরাতে জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের সুবিধামতো স্থানে যেকোনো বিষয়ে আলোচনার ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি জানান, আলোচনার এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও যুক্ত থাকবেন এবং প্রয়োজনে নাড্ডার বাসভবন বা কার্যালয়ে বৈঠকের আয়োজন করা যেতে পারে। ছাত্রদের কল্যাণে সরকার নমনীয় অবস্থান নিচ্ছেন উল্লেখ করে মন্ত্রী সবাইকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান।
তবে বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু যন্তর মন্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস এই প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি জানান, পুলিশের মাধ্যমে বৈঠকে বসার বার্তা পেলেও কোনো মন্ত্রীর বাসভবন বা ব্যক্তিগত কার্যালয়ে তারা যাবেন না। সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দেন, আলোচনার ইচ্ছা থাকলে মন্ত্রীদের আন্দোলনস্থলে এসে কথা বলতে হবে। তবে নিরাপত্তাজনিত জটিলতা থাকলে যন্তর মন্তরের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে তাঁরা আলোচনায় বসতে রাজি আছেন।