পুলিশি ভ্যানে আটকে রাখা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে এক পুলিশ কর্তার চরম হুঁশিয়ারি—‘আবার রাস্তায় নামলে পকেটে মাদক পুরে জীবন তছনছ করে দেব!’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ কর্মকর্তার এই হুমকিতে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ক্লিপটিতে দেখা যায়, পুলিশি গাড়িতে বন্দি কয়েকজন ছাত্রের দিকে তেড়ে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, পুনরায় বিক্ষোভে অংশ নিলে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মাদকের মামলা দেওয়া হবে। হুমকি দিয়ে তাঁকে বলতে শোনা যায়, "পকেটে ৫০ গ্রাম পাউডার ঢুকিয়ে দিলে আর কোনোদিন জামিন পাবে না, জেলেই পচে মরতে হবে। জীবন শেষ করে দেব।"
এমনকি ডিউটির চাপের কথা উল্লেখ করে তিনি স্বীকার করেন, ছাত্রদের এই আন্দোলনের কারণেই পুলিশকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সময় গাড়ির পেছনের আসনে বসা এক শিক্ষার্থীকে বিদ্রূপের হাসি হাসতেও দেখা যায়।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিরোধী দলগুলো সোচ্চার হয়েছে। কংগ্রেসসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন ভিডিওটি শেয়ার করে পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। ঘটনার তীব্রতা অনুধাবন করে মুম্বাই পুলিশ দ্রুত ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে।
মুম্বাই পুলিশের অপারেশন শাখার উপ-কমিশনার (ডিসিপি) আকবর পাঠান জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, দিল্লিতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তীতে মুম্বাইয়েও ছড়িয়ে পড়ে। শহরের চেম্বুর, আজাদ ময়দান ও শিবাজি পার্কের মতো প্রধান জায়গাগুলোতে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন। দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি লাঠিচার্জের পর মুম্বাইয়ে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। অভিনেতা ইমরান খানসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ইতোমধ্যেই শিক্ষার্থীদের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।