ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়ার সময় একদল শিক্ষার্থীকে পথেই আটকে দিল দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অটো রিকশায় চেপে সমাবেশস্থলের দিকে যাওয়ার পথে গন্তব্য থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরেই তাঁদের ব্যারিকেড দিয়ে থামিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সাধারণ অটো রিকশায় চড়ে যন্তর মন্তরের দিকে যাচ্ছিলেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটানো সত্ত্বেও পুলিশ মাঝপথে তাঁদের গতিপথ অবরুদ্ধ করে দেয়।
অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিরাপত্তা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ জানায়, সংশ্লিষ্ট অঞ্চলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) আওতায় ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে যেকোনো ধরণের বড় জমায়েত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আন্দোলনকারীদের সেখানে পৌঁছাতে বাধা দেওয়া হয়।
সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা পরিচালনায় মারাত্মক অনিয়মের অভিযোগে সিজেপি ও বেশ কয়েকটি ছাত্র সংগঠন যৌথভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আন্দোলনের ডাক দেয়। তবে যন্তর মন্তরে শিক্ষার্থীদের বড় জমায়েত রুখতে গোটা কেন্দ্রীয় দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।