পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে যাওয়ার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর দুই সন্তানসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর স্বামী ও বড় ছেলে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সৌদি আরবে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা, তাঁর কন্যা সাদাফ শাফিকুল ইসলাম এবং ছেলে জারগিস ইসলাম। তাঁদের বাড়ি ঢাকার শেরেবাংলা নগর থানার নর্থ শ্যামলীর ২ নম্বর সড়কে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারটি রিয়াদ থেকে ব্যক্তিগত গাড়িতে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। পথে তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তাঁর মেয়ে সাদাফ এবং ছেলে জারগিস ইসলামের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানিয়া তাহমিনা রিনার স্বামী শাফিকুল ইসলাম এবং তাঁদের বড় ছেলে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দুজনের অবস্থাই সংকটাপন্ন।
একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে নর্থ শ্যামলী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী এবং পরিচিতজনেরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।