ভারতে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ও চিকিৎসাশিক্ষার ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলমান ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। তিনি আন্দোলনকে দেশের সংবিধান, গণতন্ত্র ও তরুণদের ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করেছেন।
দিল্লির যন্তর মন্তরে কাকরোজ জনতা পার্টির আয়োজিত অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান মেহবুবা মুফতি।
এ সময় তিনি কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কঠোর সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, গত ১২ বছরে দেশে বিভাজনের রাজনীতি, দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে তরুণদের এই আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী বার্তা বহন করবে।
কেন্দ্রীয় সরকার ও বিচারব্যবস্থার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে পিডিপি প্রধান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর রাজপথে আন্দোলন করলেও তাদের দাবি পূরণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর ভাষ্য, সাধারণ পরিবারের মানুষ কষ্ট করে সন্তানদের পড়াশোনার জন্য অর্থ ব্যয় করেন, কিন্তু সরকারের উদাসীনতায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে।
মেহবুবা মুফতি সতর্ক করে বলেন, তরুণদের এই ক্ষোভ ও দাবিকে উপেক্ষা করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের তরুণরাই শেষ পর্যন্ত গণতন্ত্র ও সংবিধানের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সূত্র: ইন্ডিয়া টুডে