ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো যুদ্ধবিরতির একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মাধ্যমে তেহরানে পৌঁছানো ওই প্রস্তাব গ্রহণে আগ্রহ দেখায়নি ইরানের নেতৃত্ব।

শুক্রবার (২৪ জুলাই) দ্য নিউ ইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তেহরান সফর করেন ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ সমন্বয়ক মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই ট্রাম্পের পক্ষ থেকে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব হস্তান্তর করা হয়।

ইরানি কর্মকর্তাদের ভাষ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসংক্রান্ত মূল বিরোধের সমাধান ছাড়া কেবল একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে তাদের সরকারের আগ্রহ নেই।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, সমস্যা বার্তা আদান-প্রদানে নয়; বরং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকেই অযৌক্তিক ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখছে তেহরান।

এদিকে দুই ইরানি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে সংঘাতকে আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে ইরান। তাদের দাবি, তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে পাল্টা পদক্ষেপ হিসেবে তেল আবিবে হামলা চালানো এবং মিত্র গোষ্ঠীর সহায়তায় লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে নৌ চলাচল বাধাগ্রস্ত করার পরিকল্পনা রয়েছে।

 
 
 

তাসনিম হোসেন