সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে মানুষের মতামত নেওয়া হয়েছে। সবার দাবি একই—গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণ পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং এখন সেই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে চায়।
জামায়াত আমির বলেন, সরকার ও বিরোধী দল উভয় পক্ষই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। জনগণ সেই আহ্বানে সাড়া দিয়ে হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে। তাই এই রায় বাস্তবায়নে কোনো গড়িমসি করা যাবে না।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে। এখন যারা ক্ষমতায় আছেন, তারাও যদি একই পথে হাঁটেন, তাহলে জনগণ তাদের বিরুদ্ধেও অবস্থান নেবে।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ পরিবর্তন ও সংস্কারের জন্য গণভোটে মত দিয়েছে। তার দাবি, ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এই রায়কে কোনোভাবেই অবহেলা করা যাবে না। গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন হলেই আন্দোলন সফলতার দিকে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, যারা বর্তমানে সরকারে আছেন, তারাও একসময় নির্যাতনের শিকার ছিলেন। কিন্তু এখন তারাই যদি ফ্যাসিবাদী নীতির পথে এগিয়ে যান, তাহলে তা মেনে নেওয়া হবে না। সমাজের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
জামায়াত আমির বলেন, দেশের মানুষ জীবন দিয়ে, আহত হয়ে এবং নানা ত্যাগের মাধ্যমে মুক্তির পথ খুঁজে নিয়েছে। শহীদ, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং দেশের মানুষের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।