জুলাই বিপ্লব বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১২:৩২ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের প্রভাব বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এর ফলে বিভিন্ন দেশের সরকার জনগণের শক্তিকে গুরুত্ব দিতে শুরু করেছে এবং সতর্ক হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ কমানোসহ পাঁচ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি শিক্ষার্থী আন্দোলনের একটি বড় উদাহরণ। তিনি ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদের অভিনন্দন জানান। তার মতে, বিভিন্ন দেশে তরুণদের জেগে ওঠা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা।

তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রভাব এখন বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। অনেক সরকার জনগণের শক্তিকে ভয় পেতে শুরু করেছে এবং নিজেদের অবস্থান নিয়ে সতর্ক হচ্ছে। তবে বাংলাদেশে জুলাই বিপ্লবের মাধ্যমে সরকারের পরিবর্তনের পর নতুন সরকার জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান দেখাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জনগণের দেওয়া রায়কে অবজ্ঞা করা হলে এর পরিণতি ভোগ করতে হবে। বিএনপি যদি জুলাই বিপ্লব, তরুণদের আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগের বিষয় ভুলে যায়, তাহলে দলটিকেও এর ফল মোকাবিলা করতে হবে।

সংস্কার ও সংশোধন নিয়ে বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিএনপি আগে সংস্কারের পক্ষে অবস্থান নিলেও এখন সেই অবস্থান থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেশের মানুষ সংস্কারের দাবিতে জীবন দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজধানীতে গ্যাস সংকট, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের পথে নিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে বলেও দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, সিলেটের বিভাগীয় সমাবেশের পর ঢাকায় পরবর্তী মহাসমাবেশ থেকে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারকে আর সহযোগিতা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সিলেটবাসীকে ১১ দলীয় জোটের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

তাসনিম হোসেন