ফ্রান্সে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে হাজারো মানুষ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন দমকলকর্মীরা। বোর্দো শহরের উপকণ্ঠে আগুন দ্রুত বিস্তৃত হওয়ায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার বোর্দো শহরের আশপাশে দাবানল আরও ছড়িয়ে পড়ায় ফরাসি কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করে।

বোর্দো অঞ্চলের প্রশাসনিক এলাকার প্রধান সোফি ব্রোকা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় জানান, লে আইয়াঁ, এইজিন ও মেরিনিয়াক এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু জানান, বোর্দোর কাছাকাছি জিরন্দে ও লঁদ এলাকায় চলতি সপ্তাহে শুরু হওয়া দাবানলের কারণে এখন পর্যন্ত দুই লাখ ৬৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় বলেন, দেশে ছড়িয়ে পড়া এই দাবানল অতীতের যেকোনো ঘটনার তুলনায় ভয়াবহ। পরিস্থিতি মোকাবিলায় দমকল বাহিনীর পাশাপাশি ফরাসি সশস্ত্র বাহিনীকেও আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে নিয়োজিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনো রয়ে গেছে।

তাসনিম হোসেন