বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে চারটি বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত চব্বিশ ঘণ্টায় হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোর দিয়ে চলাচলের সময় চারটি বাণিজ্যিক জাহাজকে থামানোর উদ্দেশ্যে সতর্কতামূলক গুলি ছোড়ে নৌবাহিনী। পরে জাহাজগুলো নির্ধারিত পথ পরিবর্তন করে অন্য পথে চলতে বাধ্য হয়।
ইরানের দাবি, জাহাজগুলো যে পথ ব্যবহার করতে চেয়েছিল, সেটি অনিরাপদ ও অবৈধ। এ কারণে তাদের ওই পথে অগ্রসর হতে দেওয়া হয়নি।
ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী আরও জানিয়েছে, অনুমোদিত পথ বা নির্ধারিত নিয়ম অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে ভবিষ্যতে আরও কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বের তেল ও জ্বালানি বাণিজ্যের বড় একটি অংশ হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নজরদারি ও কড়াকড়ি বাড়িয়েছে ইরান। বিশেষ করে ওমান উপকূলসংলগ্ন পথ ব্যবহারকারী তেলবাহী জাহাজগুলোকে নিজেদের নিয়ন্ত্রণাধীন পথ ব্যবহার করতে উৎসাহিত করছে দেশটি।
এ ঘটনার পর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, নৌবাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।