ইরানের সামরিক স্থাপনায় বাহরাইন ও কুয়েতের গোপন বিমান হামলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম

ছবি: সংগৃহীত

উপসাগরীয় দেশ বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে সম্পূর্ণ নীরবে যুদ্ধবিমান পাঠিয়ে ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন গোপন স্থাপনা এবং ইরানের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। সংশ্লিষ্ট কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রগুলোর দাবি, তেহরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটিই ইতিহাসের প্রথম কোনো প্রত্যক্ষ সামরিক অভিযান।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, এই হামলায় সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। তারা সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণে গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি আকাশপথে প্রতিরক্ষামূলক সহায়তা প্রদান করেছে। এর মাধ্যমে ইরানকে যৌথভাবে মোকাবিলা করতে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যকার পারস্পরিক সামরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার হওয়ার পরিষ্কার ইঙ্গিত মিলছে।

জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে তেহরান তাদের পাল্টা হামলার বড় একটি অংশ বাহরাইন ও কুয়েতকে টার্গেট করে পরিচালনা করছিল। মূলত এই দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সামরিক ঘাঁটি অবস্থিত থাকার কারণেই ইরান এ ধরনের পদক্ষেপ নিয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষণে বলা হয়েছে, বাহরাইন ও কুয়েতের বিমানবাহিনী তুলনামূলকভাবে ছোট এবং মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপে নির্মিত যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল হলেও, ইরানের ধারাবাহিক ও উসকানিমূলক হামলার নীরব দর্শক হয়ে থাকার অবস্থানে তারা ছিল না।

এদিকে গত দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি চরম অবনতির দিকে গেছে। বিশেষ করে গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আওতায় কার্যকর থাকা যুদ্ধবিরতি আর বহাল নেই। এরপর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি রক্তক্ষয়ী হামলা ও উত্তেজনা অব্যাহত রয়েছে। ওয়াশিংটন যেমন ইরানের অভ্যন্তরে একাধিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, তেমনি তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে জোরালো হামলা চালানোর দাবি করে আসছে।

তবে বাহরাইন ও কুয়েতের যুদ্ধবিমান দিয়ে ইরানের অভ্যন্তরে চালানো এই কথিত সামরিক অভিযানের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক মন্তব্য বা সত্যতা নিশ্চিত করা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

তাসনিম হোসেন