প্রেমিকার সঙ্গে কথা বলা নিয়ে বিরোধ: সহকর্মীকে কুপিয়ে হত্যা করলেন নরেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় প্রেমিকার সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে সুরেশ নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মী নরেশের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে সির্সা সার্কেলের কাছের একটি সার্ভিস রোডে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুরেশের বাড়ি উত্তর প্রদেশের বেরেলি এলাকায়। অভিযুক্ত নরেশ এবং নিহত সুরেশ দুজনেই গ্রেটার নয়ডার একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভিন্ন শাখায় চাকরি করতেন। গ্রেটার নয়ডার পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার সন্তোষ কুমার জানান, এই হত্যাকাণ্ডের মূল নেপথ্যে কাজ করেছে এক তরুণীকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ।

ববি নামের যে তরুণী একই কোম্পানিতে চাকরি করেন, তার সঙ্গে গত সাত বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত নরেশের। কিন্তু সম্প্রতি সেই তরুণীর সঙ্গে সুরেশের যোগাযোগ ও কথাবার্তা শুরু হয়, যা একেবারেই মেনে নিতে পারেননি নরেশ। এ নিয়ে তিনি একাধিকবার সুরেশ ও ববি উভয়কেই একসঙ্গে মেলামেশা বা যোগাযোগ রাখতে নিষেধ করেন। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুজনের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে।

ঘটনার দিন গভীর রাতে সির্সা সার্কেলের কাছে নরেশ ও সুরেশ একত্রিত হন এবং একসঙ্গে বসে বিয়ার পান করেন। একপর্যায়ে ববির বিষয়টি নিয়ে কথা বলতে বলতে দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তের মধ্যে সহিংস রূপ নেয়। উত্তেজনার একপর্যায়ে নরেশ হঠাৎই ধারালো অস্ত্র বের করে সুরেশের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে সুরেশ গুরুতর জখম হন এবং এই ধস্তাধস্তির সময় অভিযুক্ত নরেশ নিজেও সামান্য আঘাত পান।

গত বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরি নম্বর ১১২-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা সুরেশকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অভিযুক্ত নরেশকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবং পুরো ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত তদন্ত অব্যাহত রেখেছে।

তাসনিম হোসেন