ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, দেশের সাধারণ মানুষ যদি হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে কেবল প্রকৃত জনস্বার্থের ইস্যু নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে, তবে বড় বড় সিংহাসনেও অনায়াসে কাঁপন ধরিয়ে দেওয়া সম্ভব।
মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও ব্যাপক অব্যবস্থাপনার প্রতিবাদে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের সফল সমাপ্তি ঘটিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিজেপি নেতা অভিজিৎ দীপকে দেশের তরুণ সমাজ ও রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যদি কোনো হিন্দু-মুসলিম রাজনীতি না থাকে এবং শুধুমাত্র ইস্যুভিত্তিক রাজনীতি হয়, তখন বড় বড় সিংহাসনও কেঁপে যাবে। যখন আমরা এই সংকীর্ণতার ঊর্ধ্বে যেতে পারব এবং দেশের আসল সমস্যা ও ইস্যু নিয়ে কথা বলতে পারব, তখন তা পুরো জাতির জন্যই মঙ্গলজনক হবে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে কটাক্ষ করে তিনি আরও বলেন, অতীতে প্রচলিত ধারণা ছিল যে বর্তমান সরকারের আমলে পদত্যাগের কোনো নজির বা নিয়ম নেই। তবে সেই ধারণাকে ভুল প্রমাণিত করে তিনি প্রমাণ করেছেন যে, ‘দুনিয়া ঠিকই মাথা নত করে, শুধু মাথা নত করানোর মতো সঠিক লোক থাকা চাই।’ মূলত তরুণ প্রজন্মের দীর্ঘ ধৈর্য, সাহসিকতা এবং অনড় অবস্থানের ফলেই যে এই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে, নিজের বক্তব্যে সেটিই জোরালোভাবে তুলে ধরেছেন এই তরুণ রাজনৈতিক নেতা।