ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় দিল্লির যন্তর-মন্তরে গত ৩৬ দিন ধরে চলা আন্দোলন অবিলম্বে তুলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করাটাই ছিল সিজেপির নেতৃত্বাধীন এই আন্দোলনের মূল এবং প্রধান দাবি। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। সিজেপির পক্ষ থেকে জানানো হয়, সরকারের আশ্বাসের প্রতি পূর্ণ ভরসা রেখেই তারা ‘সদিচ্ছা’ প্রদর্শনের মাধ্যমে এই দীর্ঘ আন্দোলনের সমাপ্তি টানছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি সরকার সিজেপির অন্যান্য দাবিগুলোও মেনে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সব পুলিশি মামলা প্রত্যাহার করা, ভবিষ্যতে তাদের কোনো ধরনের হয়রানি না করা এবং নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মানসিক আঘাত বা আত্মহত্যার পথ বেছে নেওয়া শিক্ষার্থীদের পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান করা।
টানা ৩৬ দিন ধরে চলা এই ঐতিহাসিক আন্দোলনের পর সরকারের তরফ থেকে সব দাবি মেনে নেওয়ায়, যন্তর-মন্তরে অবস্থানরত সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্থল ত্যাগ করে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।