ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ৫০০

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০১:৩৫ পিএম

ভেনেজুয়েলায় দুই দফা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় এক হাজার ৫০০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশায়। কয়েকজনকে জীবিত উদ্ধারের ঘটনায় স্বজনদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। সেখানে শত শত ভবন ধসে পড়েছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত ৭৭৪টি ভবন সম্পূর্ণভাবে ধসে গেছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকায় কার্যক্রম বন্ধ করা হয়নি। ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসযোগ্য কি না তা নির্ধারণে একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে। পাশাপাশি লা গুয়াইরায় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারি তথ্যে এখন পর্যন্ত ৩ হাজার ১৫০ জন আহত এবং ১২ হাজার ৭২১ জন বাস্তুচ্যুত হয়েছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার একটি ধসে পড়া ভবন থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়।

এদিকে একটি বিরোধী পক্ষের সূত্রের দাবি, এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আফটারশক অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম আরও জটিল হয়ে পড়ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ২৪ জুন ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প একসঙ্গে সংঘটিত হয়, যা দেশটির ইতিহাসে গত ১২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে হাইতি ও কাশ্মীরের ভয়াবহ ভূমিকম্পের প্রসঙ্গ টেনে আন্তর্জাতিকভাবে বড় ধরনের প্রাণহানির স্মৃতি আবারও সামনে এসেছে।

তাসনিম হোসেন