প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী পাঁচ বছরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঁচ কোটি গাছ রোপণের লক্ষ্যে এ কর্মসূচি শুরু হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ এবং প্রতিটি শিশুকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় বিদ্যালয়, মহাবিদ্যালয় ও মাদ্রাসায় আগামী পাঁচ বছরে পাঁচ কোটি গাছ রোপণ করা হবে।
আজ দুপুর ২টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন। দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ কার্যক্রম শুরু হবে। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, এক হাজার ৪৪৬টি বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং নয় হাজার ২৬৮টি মাদ্রাসা।
প্রথমে কর্মসূচি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে।
জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হবে। চলতি বছরে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। পাশাপাশি দূরসংযোগের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এ উপলক্ষে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ুবিষয়ক প্রচারসামগ্রী প্রদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রার আয়োজন করা হবে।
একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও নতুন উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। পরে সেরা উদ্ভাবকদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন তিনি।
আয়োজনের প্রস্তুতি পরিদর্শনে রোববার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন।