এই বাজেট অবাস্তব ও প্রতারণার দলিল: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০১:০১ পিএম

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে থাকা অবাস্তব ও প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এ বাজেটে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির চেয়ে ভোগনির্ভর অর্থনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় তরুণদের জন্য পরিকল্পিত কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজন ছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে সে বিষয়ে কার্যকর উদ্যোগের প্রতিফলন নেই বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, পারিবারিক সহায়তা কর্মসূচির মাধ্যমে ভোগের চাহিদা তৈরি হলেও উৎপাদন বা বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেই। এতে আমদানিনির্ভরতা বাড়বে, মূল্যস্ফীতির চাপও বৃদ্ধি পাবে। বরং তরুণদের প্রশিক্ষণ ও সহজ ঋণের মাধ্যমে উৎপাদনমুখী খাতে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

অর্থ পাচারের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, দেশের অর্থ লুটপাটকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নতুন আইন প্রণয়ন এবং অভিযুক্তদের সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার দাবি জানান তিনি।

বিদ্যুৎ খাতের সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুৎ ক্রয় ও বিক্রয়ের মধ্যে বড় ধরনের মূল্য ব্যবধানের কারণে জনগণকে আর্থিক চাপ বহন করতে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়নেরও আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা এবং বাংলাদেশ নিয়ে ভারতীয় এক রাজনৈতিক নেতার বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে সরকারকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে গঠিত জুলাই ফাউন্ডেশনের জন্য বিশেষ বরাদ্দ এবং আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান তিনি।

বক্তব্যের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক সংস্কার ও সুশাসন নিশ্চিত না হলে অর্থনৈতিক সংস্কার সফল হবে না। দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগে সংস্কার এনে দুর্নীতি রোধ এবং বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

 

তাসনিম হোসেন