ইরানি সাইবার হামলা তিনগুণ বেড়েছে: ইসরায়েলি কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৪:১১ পিএম

চলতি বছরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের ওপর ইরানি সাইবার হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছেন দেশটির একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।

সোমবার জার্মান সংবাদমাধ্যম ডাই ওয়েল্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইয়োসি কারাদি এই তথ্য জানান।

তিনি বলেন, ২০২৫ সালের জুনে যেখানে প্রায় ১ হাজার ৬০০টি সাইবার হামলা নথিবদ্ধ হয়েছিল, ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে প্রায় ৪ হাজার ৮০০টিতে পৌঁছেছে—যা প্রায় তিনগুণ বৃদ্ধি।

কারাদি দাবি করেন, এসব হামলা অত্যন্ত সংগঠিত ও প্রযুক্তিগতভাবে উন্নত হ্যাকার গ্রুপগুলোর মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, সাইবার জগতে বাস্তব যুদ্ধের মতোই কোনো যুদ্ধবিরতি বা স্থায়ী শান্তি থাকে না, তাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে।

ইসরায়েলি কর্মকর্তার মতে, এসব সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল দেশটির গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো, সরকারি সংস্থা, বিভিন্ন বেসরকারি খাত এবং ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান।

তিনি আরও জানান, তুলনামূলকভাবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার ছোট প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে হ্যাকাররা সিস্টেমে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলার ঘটনাও ঘটিয়েছে।

তবে ইসরায়েল দাবি করেছে, তাদের মূল ও সংবেদনশীল অবকাঠামোতে হওয়া বড় ধরনের সাইবার হামলা তারা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

তাসনিম হোসেন