চলমান ফুটবল বিশ্বকাপে দল হিসেবে অংশ না নিলেও দর্শক হিসেবে বাংলাদেশ আবারও আলোচনায়। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ শেষেই দেশের সমর্থকদের উল্লাস আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত শিরোনাম হচ্ছে।
বাংলাদেশি সমর্থকদের এই ফুটবল উন্মাদনা এবার পৌঁছে গেছে মাঠের তারকাদের কাছেও। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর এবার বাংলাদেশকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার।
শেষ বত্রিশের এক রুদ্ধশ্বাস ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল। ম্যাচ শেষে ‘টি স্পোর্টস’-এর ক্যামেরার সামনে আলিসন বেকার বলেন, বাংলাদেশ থেকে পাওয়া সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ।
তিনি বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি অনেক উল্লাসের ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ জানাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’
এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের সমর্থকদের নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি বাংলাদেশে গিয়ে দেখেছেন আর্জেন্টিনার প্রতি মানুষের গভীর ভালোবাসা।
টুর্নামেন্টের হিসেবে ব্রাজিল শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার পর তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরিকোস্ট। অন্যদিকে আর্জেন্টিনা শেষ বত্রিশে কেপ ভার্দের মুখোমুখি হবে।