হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের কারণে ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ৯১ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২৯ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এতে চলতি বছরের ১৫ তারিখ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৮৬ জন।

একই সময়ে আরও ১ হাজার ২২১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে দেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে।

পরিস্থিতি মোকাবিলায় শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 

তাসনিম হোসেন