খামেনির মরদেহ নাজাফে পৌঁছেছে, জানাজা শেষে নেওয়া হবে কারবালায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার রাতে ইরাকের নাজাফে পৌঁছেছে। বুধবার নাজাফে জানাজার পর তার মরদেহ পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। এ উপলক্ষে ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমান মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তার প্রতি সম্মান জানাতে রাষ্ট্রীয় সংবর্ধনার আয়োজন করা হয়।

বুধবার নাজাফে জানাজার আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো কারবালায় নেওয়া হবে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজনে বিপুলসংখ্যক ইরাকি অংশ নেবেন।

ইরাকের শিয়া মুসলিমদের কাছেও আয়াতুল্লাহ আলি খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার জানাজা উপলক্ষে বুধবার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। ওই জানাজায় খামেনির পাশাপাশি তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজাও অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা অনুযায়ী, বুধবার মরদেহ নাজাফের ইমাম আলী (রা.)-এর মাজার এবং কারবালার ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছা অনুযায়ী, আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজা (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

তাসনিম হোসেন