আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮ জুলাই ২০২৬, ০১:১২ পিএম

ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে সর্বশেষ দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অত্যাধুনিক ও নির্ভুল যুদ্ধাস্ত্র ব্যবহার করে ইরানের ভেতরে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, এই অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে। তাদের দাবি, হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক নিয়ন্ত্রণ ও যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় এলাকার কৌশলগত রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াশিংটনের দাবি, এই অভিযানের ফলে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের আঘাতের মুখে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী এলাকায় ইরানের নৌ তৎপরতা ও আক্রমণ পরিচালনার সক্ষমতা কমিয়ে দেওয়াই ছিল এই অভিযানের অন্যতম লক্ষ্য।

মার্কিন বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী ও এর আশপাশের এলাকায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের ৬০টির বেশি ছোট যুদ্ধজাহাজ ও দ্রুতগামী নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য, আন্তর্জাতিক বাণিজ্যপথে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রমের সময় তিনটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার অভিযোগের জবাব হিসেবেই এই পাল্টা অভিযান চালানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার অভিযোগ ইরান স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি।

তাসনিম হোসেন