মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গবেষণাভিত্তিক তালিকা প্রণয়নের মাধ্যমে শহীদদের প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করা হবে।

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। তবে স্বাধীনতার পর শহীদদের একটি নিরপেক্ষ, সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি। বরং তালিকা তৈরির প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাই তাদের সঠিক পরিচয় সংরক্ষণ এবং যথাযথ সম্মান প্রদর্শন রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে গবেষণাভিত্তিকভাবে মুক্তিযুদ্ধের শহীদদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে এখন কাজ চলছে।

অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়াতে সরকার বে-টার্মিনাল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এটি চালু হলে বড় আকারের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করতে পারবে, ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।

চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের দুর্নীতি হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন সরকারপ্রধান।

এ ছাড়া প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতে ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ টুর্নামেন্ট চালু করা হবে, যেখানে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পাবে।

তাসনিম হোসেন