শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি।
বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ নিশ্চিত করা, পুনঃপরীক্ষা ও আগের পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নম্বর চূড়ান্ত ফল হিসেবে গণ্য করা, প্রশ্নপত্রের ভুলের জন্য পূর্ণ নম্বর প্রদান, মানসিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রের ধরনে আকস্মিক পরিবর্তনের বিষয়টি মূল্যায়নে বিবেচনা করা এবং পরীক্ষাকেন্দ্রে ‘সচেতন গার্ড’-এর নামে কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করা।
এর আগে শিক্ষার্থীরা ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলে আলোচনার জন্য তাদের প্রতিনিধিদের সচিবালয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়।