মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কোনো মার্কিন সেনা নিহত হলে তার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যতবারই ইরান একজন মার্কিন সেনাকে হত্যা করবে, তার জন্য তাদের বহুগুণ মূল্য দিতে হবে।”
তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য আসে।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তে জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে দুইজন এবং উত্তর ইরাকে একজনসহ মোট তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন।
এদিকে, সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে আলোচনায় ফেরার অংশ হিসেবে ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা চলছে।
এক মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসন একদিকে ইরানের ওপর চাপ অব্যাহত রাখছে, অন্যদিকে কূটনৈতিক আলোচনার পথও খোলা রাখছে।
একই দিনে দেওয়া পৃথক পোস্টে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষেও অবস্থান নেন। তিনি বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনোভাবেই গ্রেপ্তার হবেন না।
এর আগে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অভিযুক্ত হওয়ায় নেতানিয়াহুকে হেগে পাঠানো উচিত। তবে এসব আইনি ও রাজনৈতিক বিতর্কের মধ্যেই নেতানিয়াহু তার নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন।