বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে মাদ্রিদে ২০ লাখ সমর্থকের ঢল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম

ফুটবল বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সোমবার মাদ্রিদে খোলা ছাদের বাসে বিজয় শোভাযাত্রায় অংশ নেয় লুইস ডি লা ফুয়েন্তের দল। প্রায় ২০ লাখ সমর্থক রাস্তায় নেমে বিশ্বচ্যাম্পিয়নদের উচ্ছ্বসিত অভ্যর্থনা জানান।

শহরের প্রধান সড়ক ঘুরে দলটি সিবেলেস স্কয়ারে পৌঁছালে সেখানে শুরু হয় বর্ণাঢ্য উদযাপন। খেলোয়াড় ও কোচিং স্টাফকে একে একে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়। সবাই ‘উই আর চ্যাম্পিয়ন্স’ লেখা টি-শার্ট পরে সমর্থকদের সঙ্গে উদযাপনে অংশ নেন।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা জানান। পরে বিজয় শোভাযাত্রা শুরু হয়।

ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। শোভাযাত্রায় অধিনায়ক রদ্রি আবারও বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন। তিনি বলেন, দেশের হয়ে বিশ্বকাপ জেতার চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না।

উদযাপনে ভিডিও বার্তায় অভিনন্দন জানান পপ তারকা শাকিরাও। তিনি বলেন, স্পেন বিশ্বকে দেখিয়েছে ঐক্যবদ্ধভাবে কাজ করার শক্তি কতটা।

বিশ্বকাপ জয়কে দেশের ফুটবলের নতুন মাইলফলক উল্লেখ করে কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেন, তার দলই বর্তমানে বিশ্বের সেরা এবং ঐক্য ধরে রাখতে পারলে ভবিষ্যতেও স্পেন আরও বড় সাফল্য অর্জন করবে।

এদিকে, ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আশাবাদ ব্যক্ত করে বলেন, নিজেদের মাটিতে এবার তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারে স্পেন।

তাসনিম হোসেন