নেত্রকোণার হাওর বিস্তৃত দুই উপজেলায় মাছ ধরতে গিয়ে পৃথক স্থানে আকস্মিক বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কেন্দুয়া ও মদন উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মদনে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে মাছ ধরতে যান উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪)। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাজিব পেশায় স্থানীয় একটি ইটভাটার শ্রমিক ছিলেন।
কেন্দুয়ায় বিলে মাছ ধরতে গিয়ে প্রাণহানি
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, সকালে উপজেলার মোড়াইল বিলে মাছ ধরতে গিয়েছিলেন দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫)। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খালপাড়ে বজ্রপাতে আরেক যুবকের মৃত্যু
একই উপজেলার ডাউকী গ্রামে আরও একটি বজ্রপাতের ঘটনা ঘটে। উপজেলার বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম (২৫) সান্ধিকোণা গ্রামের খালপাড়ে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে মাছ ধরা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে তার মৃত্যু হয়।
নেত্রকোণার এই দুই উপজেলায় সকালের বৃষ্টির সাথে হওয়া হঠাৎ বজ্রপাতে ৩ জনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।