সাভারে হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ১০:০০ এএম

ছবি: সংগৃহীত

সাভারে দলীয় সমাবেশে ককটেল হামলার প্রতিবাদে সোমবার মধ্যরাতে রাজধানীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সাভারের ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে সোমবার রাত ১২টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই ঝটিকা মশাল মিছিলটি বের করা হয়। জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তরের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। এরপর শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করেন দলটির নেতাকর্মীরা।

উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, শান্তিপূর্ন রাজনৈতিক কর্মসূচিতে যারা কাপুরুষের মতো ককটেল হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক অঙ্গনে এ ধরনের সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না।

মধ্যরাতের এই মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

উল্লেখ্য, এর আগে সোমবার দিনের বেলা সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পূর্বনির্ধারিত পদযাত্রা শেষে আলোচনা সভা চলছিল। সেই সমাবেশ চলাকালীন আকস্মিকভাবে সভাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অতর্কিত ও নৃশংস এই হামলায় দলটির অন্তত চারজন নেতাকর্মী গুরুতর আহত হন। এই ঘটনার প্রতিবাদেই মধ্যরাতে রাজপথে নেমে আসেন দলটির শীর্ষ নেতারা।

তাসনিম হোসেন