সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় বর্বরোচিত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে (রাত সাড়ে তিনটার পর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সাভারের এই ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে এনসিপির জনসভায় হামলার বিষয়ে ইশরাক হোসেন লিখেছেন, “এই ধরনের ঘটনা আমাদের দেশের রাজনীতির জন্য একটি কালো অধ্যায়। এ জাতীয় সহিংসতা সুস্থ রাজনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আর রাজনীতি ধ্বংস হলে দেশ ও জাতি চরম সংকটের মুখে পড়বে, যা শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেও বিপন্ন করে তুলতে পারে।”
হামলাকারীদের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, “এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। যারা ফ্যাসিস্ট, যারা খুনি, যারা অতীতে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেও ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে এবং যারা জনগণের সমর্থনের পরিবর্তে বিদেশি প্রভুদের দয়ায় রাজনীতি করেছে—আমি মনে করি এই সহিংস ঘটনায় কেবল তারাই লাভবান হবে।”
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওই অপশক্তির রয়ে যাওয়া উচ্ছিষ্ট অংশ এবং বর্তমানে যারা তাদের আশ্রয় দিচ্ছে, দেশের নিরাপত্তার স্বার্থে তাদের দ্রুত নিষ্ক্রিয় (নিউট্রালাইজ) করা এখন সবচেয়ে জরুরি কাজ। আমি অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে থাকা অপরাধীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”