‘বিদ্যুৎ চলে যাওয়া ও হামলা সাধারণ ঘটনা নয়’: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ১১:১৫ এএম

ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দাবি করেছেন, স্থানীয় প্রশাসনের যোগসাজশ ও ব্যর্থতার কারণেই সন্ত্রাসীরা এই ন্যক্কারজনক হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গত সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে যে কাপুরুষোচিত ও বর্বরোচিত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং ৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তী সময়ে মঞ্চের ঠিক সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়। বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত একটি সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা।

তিনি অভিযোগ করে বলেন, "সমাবেশের সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় প্রমাণিত হয় এই নিন্দনীয় অপরাধের সাথে প্রশাসনের সংশ্লিষ্টতা রয়েছে। দেশবাসী মনে করে, প্রশাসনের পরোক্ষ সহায়তায় সন্ত্রাসীরা এই ঘটনা ঘটাতে পেরেছে।"

জামায়াতের এই শীর্ষ নেতা আরও উল্লেখ করেন, একটি সুস্থ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্তই হলো ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সকল রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে যারা ককটেল ও বোমাবাজির রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে, তাদের পরিণতি শুভ হয়নি বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

বিবৃতির শেষে তিনি প্রশাসনের উদ্দেশে জোর দাবি জানিয়ে বলেন, কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে এই হামলার ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার রহস্য এবং এই হামলার নেপথ্যের কুশীলবদের অনতিবিলম্বে খুঁজে বের করতে হবে। একই সাথে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

তাসনিম হোসেন