তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ফ্রান্স-ইংল্যান্ড!

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে হারের হতাশা কাটিয়ে আজ শনিবার (১৮ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। তবে দুই দলের খেলোয়াড় ও কোচরা স্বীকার করেছেন, এই ম্যাচে খেলতে তাদের কারওই আগ্রহ ছিল না।

বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ শনিবার (১৮ জুলাই) মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যাওয়ায় ম্যাচটিকে ‘সান্ত্বনা ম্যাচ’ হিসেবেই দেখছেন দুই দলের সদস্যরা।

বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী ছিল ফ্রান্স। অন্যদিকে ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু সেমিফাইনালে হেরে ফাইনালের বদলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে দল দুটিকে।

ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, ‘আমাদের কেউই তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচটি খেলতে চাইনি। তবে এখন খেলা ছাড়া আর কোনো উপায় নেই। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তাই ভালো একটি ম্যাচ হবে বলে আশা করছি।’

ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেলও একই ধরনের অনুভূতির কথা জানান। তিনি বলেন, ‘এই ম্যাচে থাকতে কেউই চায় না। চারটি দলই ফাইনালে খেলতে চেয়েছিল। তবে এটি বিশ্বকাপের একটি আনুষ্ঠানিক ম্যাচ এবং ইংল্যান্ডের জন্য গত ৬০ বছরের অন্যতম সেরা ফল অর্জনের সুযোগ। পুরো টুর্নামেন্টে যে মানসিকতা দেখিয়েছি, সেটাই আবারও প্রমাণ করতে হবে।’

এদিকে ব্যক্তিগত অর্জনের লড়াইও থাকছে এই ম্যাচে। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত ৮ গোল করে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। যদিও ৪টি অ্যাসিস্ট থাকায় টাইব্রেকারে এগিয়ে রয়েছেন মেসি; এমবাপ্পের অ্যাসিস্ট ৩টি। এছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম ৬টি করে গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এখনও টিকে আছেন।

তাসনিম হোসেন